নেপালে প্রাণহানি ও সাবেক ১৫ এমপির প্রয়াণে সংসদে শোক প্রস্তাব
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৭-০৮-২০২৬ ০৪:০৪:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৮-২০২৬ ০৬:০৫:৪৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। একই সঙ্গে সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ ১৫ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
অধিবেশনের শুরুতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এবং সাবেক সংসদ সদস্যদের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবের ওপর সংক্ষিপ্ত আলোচনা শেষে স্পিকার সর্বসম্মতিক্রমে তা গৃহীত হওয়ার ঘোষণা দেন।
শোক প্রস্তাবে নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি, আহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
প্রস্তাবে বলা হয়, প্রতিবেশী দেশ নেপালের এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ও সরকার দেশটির পাশে রয়েছে।
এ ছাড়া সাবেক স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাষ্ট্র ও সংসদীয় গণতন্ত্রে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর পাশাপাশি দেশের রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে অবদান রাখা আরও ১৪ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
শোক প্রস্তাব গ্রহণের পর প্রয়াতদের স্মরণে সংসদ সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন। পরে নিহত ও প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সংসদের অন্যান্য কার্যক্রম শুরু হয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স