ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত দুই, পিকআপচালক আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৮-২০২৬ ১২:২০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৮-২০২৬ ১২:২০:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। দুর্ঘটনার পর পিকআপচালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের কচুবাড়ী পোস্ট অফিসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার আনোয়ারা বেগম (৪৫)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত চারজন হলেন মোটরসাইকেলচালক হারুনুর রশিদ (৩৮), অটোরিকশাচালক সাহিরুল ইসলাম (২৩), জরিনা (৪০) ও মো. শফিকুল ইসলাম। তাদের মধ্যে গুরুতর আহত হারুনুর রশিদ ও সাহিরুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি মালবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় পিকআপচালক মো. হাবিবুর রহমানকে (২৪) পিকআপসহ আটক করেছে পুলিশ। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স