যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৬-০৮-২০২৬ ১১:৫৯:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৬-০৮-২০২৬ ১২:১১:১০ অপরাহ্ন
ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হওয়ায় উড়োজাহাজটি ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে আছে। নিহতের মরদেহ বিমান থেকে নামানোর জন্য রয়্যাল ওমান পুলিশের আনুষ্ঠানিক অনুমতি না মেলায় ফ্লাইটটির পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বিমানের অন্যান্য যাত্রীরা।
বুধবার (২৬ আগস্ট) বিমান সূত্রে জানা গেছে, জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে ফ্লাইটে থাকা এক যাত্রীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। চিকিৎসাজনিত এই জরুরি পরিস্থিতির কারণে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাসকাটে জরুরি অবতরণ করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থাতেই ওই যাত্রীর মৃত্যু হয়।
মাসকাট বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের পর মরদেহ নামানোর প্রক্রিয়া শুরু করা হয়। তবে ওমানের স্থানীয় আইনি বিধিমালার কারণে উড়োজাহাজ থেকে মরদেহ সরাতে রয়্যাল ওমান পুলিশের ছাড়পত্রের প্রয়োজন পড়ে। সেই অনুমতি এখনও না পাওয়ায় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই রাখা রয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ছাড়পত্রের জন্য রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। অনুমতি মিললেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহটি নামানো হবে। এরপরই উড়োজাহাজটি গন্তব্যের উদ্দেশ্যে পুনরায় রওনা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।
জরুরি অবতরণ করা এই বিজি-১৩৬ ফ্লাইটের উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-এএফপি।
এদিকে ফ্লাইটটি দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে আটকে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। মাসকাট থেকে উড়োজাহাজটি কখন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশের অনুমতি এবং আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার পরই কেবল বাকি যাত্রীদের নিয়ে রওনা হওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটির বুধবার বেলা ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স