কোচিং বাণিজ্যে বিচারকদের সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-০৮-২০২৬ ০১:১৯:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৮-২০২৬ ০১:১৯:৫৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কোনো সদস্য (নিম্ন আদালতের বিচারক) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।
সোমবার (২৪ আগস্ট) রাতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ বিষয়ে পরিপত্র জারি করেন।
এতে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরতদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা বজায় রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ধরে রাখার লক্ষ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
এতে সতর্ক করে বলা হয়, প্রচলিত আইন ও বিধিমালা লঙ্ঘন করে কোনো বিচারক এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হবে।
এই নির্দেশনা অনুযায়ী, বিচারকরা বাণিজ্যিক কোচিং প্রচারের উদ্দেশ্যে তাদের নিজেদের বা অন্যদের নাম, পদবি, ছবি বা পরিচয় ব্যবহার করতে পারবেন না বা কাউকে ব্যবহার করতে দিতে পারবেন না।
এ ছাড়া বিচারিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রাপ্ত যেকোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য কোচিংয়ের কাজে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি, তারা সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যিক কোচিং প্রোগ্রামের জন্য কোনো শিক্ষাসামগ্রী তৈরি, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স