ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১২:৪৪:২২ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০২:০৩:৩৬ অপরাহ্ন
​নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ​ছবি: সংগৃহীত
বরগুনার পাথরঘাটার হাইরের চরসংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সাগর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা। তিনি জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করে একটি ট্রলার উপকূলের দিকে রওনা হয়েছে। পাথরঘাটায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ‘এফবি বরকত’ ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। পরে ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আরও পাঁচজন।

নিহত পাঁচ জেলে হলেন পাথরঘাটা সদর ইউনিয়নের নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তীব্র ঢেউ ও ঝড়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।

ট্রলারটি ডুবে যাওয়ার পর ৮ জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে একটি মাছ ধরার ট্রলার তাঁদের উদ্ধার করে। তবে নিখোঁজ পাঁচ জেলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার গভীর সাগরে পাঠানো হয়। দীর্ঘ সময় অভিযান চালানোর পর শেষ পর্যন্ত পাঁচ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর পাথরঘাটায় নিহত জেলেদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহগুলো উপকূলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি ও পারিবারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ