আগামী ২ সেপ্টেম্বর থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন শুরু হবে। অনলাইনে এই আবেদন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একাদশে ভর্তির এই নীতিমালা প্রকাশ করেছে। শিক্ষা সচিব আবদুল খালেকের সই করা এই নীতিমালায় ভর্তির সময়সূচি ও কোটা পদ্ধতি বিস্তারিতভাবে জানানো হয়।
ভর্তি ও কোটা পদ্ধতি
নীতিমালা অনুযায়ী, দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোর ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এই আসনগুলোতে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ সংরক্ষিত থাকবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য। মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেই আসনগুলো মেধাতালিকা থেকে পূরণ করতে হবে।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় কর্মরতদের সন্তানদের জন্য আরও ১ শতাংশ–অর্থাৎ মোট ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে এই সংরক্ষিত কোটায় ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে।
আবেদনের নিয়ম
শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যদি সংরক্ষিত কোটার বিপরীতে আবেদনকারীর সংখ্যা বেশি হয়, তবে তাদের মধ্যেও মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। ভর্তির সময় মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যথাযথ সনদ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে দপ্তরপ্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
পূর্ণাঙ্গ নীতিমালা দেখতে এখানে
ক্লিক করুন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে