তাপপ্রবাহে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০০ ছাড়াল
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-০৮-২০২৬ ০২:৩১:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৮-২০২৬ ০৪:০২:১৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চলতি গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে পানিতে ডুবে ৩০১ জনের মৃত্যু হয়েছে। গত বছরের গ্রীষ্মের তুলনায় এ সংখ্যা ১৪ শতাংশ বেশি।
রোববার (২৩ আগস্ট) দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী মারিনা ফেরারি এ তথ্য জানিয়েছেন। ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের সঙ্গে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।
ফ্রান্স ইন্টার রেডিওকে মারিনা ফেরারি বলেন, গত ১৯ জুন থেকে এ পর্যন্ত দেশটিতে ৩০১ জন পানিতে ডুবে মারা গেছেন। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ সংখ্যা ১৪ শতাংশ বেশি।
তিনি এই পরিসংখ্যানকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বলেন, প্রচণ্ড গরমের কারণে মানুষ স্বস্তি পেতে পানিতে নামছেন। তবে অনেকেই ঝুঁকিপূর্ণ জায়গায় সাঁতার কাটায় প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হচ্ছেন।
ফেরারি বলেন, অনুমোদিত বা তত্ত্বাবধানের বাইরে থাকা জায়গায় সাঁতার কাটতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। পানিতে নামার সময় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি।
বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও তীব্র ও ঘন ঘন হচ্ছে। এর ফলে প্রচণ্ড গরমে পানিতে নামার প্রবণতা বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এর আগে গত ১৫ জুলাই ফেরারি জানিয়েছিলেন, চলতি গ্রীষ্মে পানিতে ডুবে প্রাথমিকভাবে ১৪২ জনের মৃত্যু হয়েছে। এরপর এক মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স