ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ১১:০৩:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ১১:০৩:০৪ পূর্বাহ্ন
নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি ফ্রাইড চিকেনের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা।

রাজুর চাচাতো ভাই হুমায়ুন কবির তার পরিবারকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য, এক বন্দুকধারী দোকানে প্রবেশ করে গুলি চালালে সেখানে কর্মরত রাজুসহ আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন বলে জানা গেছে।

আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, রাজুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।

পরিবারের সদস্যরা রাজুর লাশ দেশে আনার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ