আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৮-২০২৬ ০৩:৫২:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৮-২০২৬ ০৩:৫২:৪২ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে আজও শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৩ আগস্ট) সকালে কয়েক দফায় শ্রমিক অসুস্থ হওয়ার পর কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষের দাবি, রবিবার প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দেন। সকাল ৭টার পর তাদের মধ্যে কয়েকজন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে ১৫ থেকে ২০ জন অসুস্থ হয়ে পড়ায় সকাল সাড়ে ৮টার দিকে কারখানা ছুটি ঘোষণা করা হয়। তবে শ্রমিকদের দাবি, অসুস্থ হয়ে পড়া শ্রমিকের সংখ্যা আরো বেশি।
কয়েকজনকে বেপজা হাসপাতাল, স্থানীয় আলিফ ও সুগন্ধা হাসপাতাল এবং নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রমিকরা জানান, সকাল ৬টার দিকে কাজে যোগ দেওয়ার পর এক ঘণ্টার মধ্যে কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে গেলে অন্যদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়।
এর আগে শনিবার একই কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন বলে শ্রমিকদের দাবি। দুপুর থেকে রাত পর্যন্ত একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত সময়ের আগেই কারখানা ছুটি দেওয়া হয়। পরে অসুস্থদের বেপজা মেডিক্যাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, অসুস্থতার কারণ নিয়ে শ্রমিকদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়েছে। কয়েকজনের দাবি, শনিবার এক নারী শ্রমিক কারখানায় ‘ভূত দেখেছেন’ বলে জানান।
এরপর তিনি অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে পড়েন এবং তা দেখে অন্যদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়। তবে কারখানা কর্তৃপক্ষ ও বেপজা কর্মকর্তারা এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন বলেন, প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে এসেছিলেন। তাদের মধ্যে ১৫ থেকে ২০ জন অসুস্থ হয়ে পড়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কারখানা ছুটি দেওয়া হয়।
বিল্লাল হোসেন বলেন, ‘শ্রমিকদের কেউ কেউ ভূত দেখার কথা বললেও সচেতন মানুষ হিসেবে আমরা এসব বিশ্বাস করি না।‘ তিনি বলেন, ‘কারখানার বিভিন্ন স্থানে শ্রমিকরা অসুস্থ হয়েছেন। কী কারণে এমন হচ্ছে তা এখনো শনাক্ত করা যায়নি।’
নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হক বলেন, প্রচণ্ড গরমের কারণে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। অসুস্থ ২০ জন শ্রমিককে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন বলেন, পাঁচ থেকে সাতজন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ইডি স্যারসহ আমরা কারখানাটি সরেজমিনে পরিদর্শন করেছি। সেখানে দমবন্ধ বা শ্বাসরোধ হওয়ার মতো কোনো বিষয় পাওয়া যায়নি।
অতিরিক্ত নির্বাহী পরিচালক আরো বলেন, শ্রমিকদের মধ্যে ‘ভূত দেখার’ কথা শোনা গেলেও প্রকৃত কারণ নিশ্চিত করতে কাজ চলছে। পরিস্থিতি বিবেচনায় কারখানাটি আজ বন্ধ রাখা হয়েছে।
খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, ‘অসুস্থ শ্রমিকরা এক ধরনের গ্যাসে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী ধরনের গ্যাস, তা শনাক্ত করা যায়নি। আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স