মেট্রোরেলে যুক্ত হচ্ছে আরও একটি ট্রেন, বাড়তে পারে রাতের সময়ও
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৮-২০২৬ ০৩:২৯:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৮-২০২৬ ০৩:২৯:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাতের ভিড় কমাতে ও যাত্রীদের সুবিধার জন্য আরও একটি ট্রেন যুক্ত হচ্ছে মেট্রোরেলে। অতিরিক্ত ট্রেনটি সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রাত ১১টা পর্যন্ত মেট্রোরেল চলতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী।
রোববার (২৩ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
রাজধানীতে প্রথম মেট্রোরেল চালু হয় ২০২২ সালের ২৮ ডিসেম্বর। শুরুতে চলাচল করত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বেড়েছে। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় ২০২৩ সালের ডিসেম্বরে।
মেট্রোরেল চালুর পর থেকে নানা কারণেই বেড়েছে এর চাহিদা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র জানায়, দিনে গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন। বর্তমানে মতিঝিল থেকে উত্তরার পথে সবশেষ ট্রেন ছাড়ছে রাত সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে রাতের শেষ ট্রেন ৯টা ৫০ মিনিটে। উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল সকাল সাড়ে ৬টায়। রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন মেট্রোরেলে আরো ট্রেন যুক্ত হচ্ছে।
তিনি জানান, চলমান দুটি ট্রেনের মধ্যবর্তী সময়কে সমন্বয় করে এবং একটি ট্রেনের সংখ্যা বাড়িয়ে মোট ৩০টি ট্রিপ করা সম্ভব। প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের প্রথম দিন থেকে একটি নতুন ট্রেন দেওয়ার চিন্তাভাবনা আছে।
গত জুন মাস থেকে রাতে মেট্রোরেলের চলাচল উভয় দিক থেকে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। তবে শেষের ট্রেনটি ২০ মিনিট বিরতি দিয়ে চলাচল করে। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, নতুন ট্রেন যুক্ত হলে রাতের শেষ ট্রেনগুলোর মধ্যকার বিরতি ২০ মিনিট থেকে কমে ৭-৮ মিনিটে নেমে আসবে।
তিনি বলেন, সেপ্টেম্বর থেকে নতুন ট্রেন চালু হলে, এখন যেটা উত্তরা থেকে ৯টা পঞ্চাশে ছাড়ছে আর মতিঝিল থেকে সর্বশেষ যেটা ১০টা ত্রিশে ছাড়ছে- দুটির সময়ের মধ্যে সমন্বয় করা হবে। তিনি বলেন, মেট্রোরেলের চলাচল রাত এগারোটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, সাড়ে তিন মিনিট পরপর একটি করে ট্রেন চালানোর সক্ষমতা আছে মেট্রোরেল কর্তৃপক্ষের।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স