ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে ​শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৬:২৪:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৬:২৪:৫০ অপরাহ্ন
মণিরামপুরে ​শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
যশোরের মণিরামপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পারখাজুরা বাঁওড়ে ডুবে জিসান (১০) ও ইয়াসমিন (৬) নামে দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত জিসান হাজরাকাটি গ্রামের মফিজুর রহমানের ছেলে এবং ইয়াসমিন একই গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জিসান ও ইয়াসমিন পারখাজুরা বাঁওড়ের আগাড়ে এক সঙ্গে শাপলা তুলতে যায়। শাপলা তোলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই বাঁওড়ের গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। ইয়াসমিনকে বাড়িতে নেওয়ার পর পরিবারের স্বজনেরা তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন। অন্যদিকে গুরুতর অবস্থায় জিসানকে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​একসঙ্গে হাসিমুখে বের হওয়া দুই শিশুর এমন নিথর দেহ ফেরায় স্বজনদের আহাজারিতে হাজরাকাটি গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

​দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইনচার্জ) কামাল হোসেন জানান, পারখাজুরা বাঁওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ