ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৫:১০:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৫:১১:১৩ অপরাহ্ন
​উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ​ছবি: সংগৃহীত
মানুষের শারীরিক সক্ষমতার সীমাকেও ছাড়িয়ে যাওয়ার দাবি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিকসের নতুন হিউম্যানয়েড রোবট ‘সুপারম্যান’। প্রতিষ্ঠানটির প্রকাশ করা ভিডিও ও তথ্য অনুযায়ী, রোবটটি সর্বোচ্চ ১২ দশমিক ৬৬ মিটার প্রতি সেকেন্ড গতিতে দৌঁড়াতে পারে। এই গতি ২০০৯ সালে ১০০ মিটার দৌড়ে উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

ইউনিট্রি গত ১৭ আগস্ট রোবটটির ভিডিও ও সক্ষমতার তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটির দাবি, ‘সুপারম্যান’ সর্বোচ্চ ১২ দশমিক ৬৬ মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ প্রায় ৪৫ দশমিক ৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে দৌড়াতে পারে। ২০০৯ সালে বার্লিনে বিশ্বরেকর্ড গড়ার সময় উসাইন বোল্টের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৪ দশমিক ৭ কিলোমিটার বলে হিসাব করা হয়েছিল। সে হিসাবে ইউনিট্রির দাবি করা ‘সুপারম্যান’-এর সর্বোচ্চ গতি বোল্টের গতির চেয়ে কিছুটা বেশি।

একই প্রদর্শনীতে রোবটটির ২ মিটার উল্লম্ব লাফ দেওয়ার সক্ষমতাও দেখানো হয়। ইউনিট্রি জানিয়েছে, সম্পূর্ণ নতুন এই রোবটটি মাত্র তিন মাসের কিছু বেশি সময়ে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এর সক্ষমতা আরও উন্নত করার যথেষ্ট সুযোগ রয়েছে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে ‘সুপারম্যান’র দৌড়ের ভিন্ন চিত্র দেখা গেছে। ভিডিওটিতে রোবটটিকে বেইজিংয়ে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের আগে পরীক্ষামূলক প্রস্তুতির অংশ হিসেবে একটি ইনডোর অ্যাথলেটিক ট্র্যাকে দ্রুতগতিতে দৌড়াতে দেখা যায়। দৌড়ের শেষ দিকে রোবটটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্র্যাকের পাশের একটি বাধায় এবং পরে একটি বৈদ্যুতিক বক্সে ধাক্কা খেয়ে পড়ে যায়।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর রোবটটির অসাধারণ গতি যেমন আলোচনায় আসে, তেমনি উচ্চ গতিতে সেটিকে নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে।

তবে ভাইরাল হওয়া দুর্ঘটনার ভিডিওটি ইউনিট্রির আনুষ্ঠানিক সক্ষমতা প্রদর্শনের অংশ নয়। ইউনিট্রি ১৭ আগস্ট যে ভিডিও প্রকাশ করে, সেখানে নিয়ন্ত্রিত পরিবেশে ‘সুপারম্যান’র দৌড় ও ২ মিটার উল্লম্ব লাফ দেওয়ার সক্ষমতা দেখানো হয়। অন্যদিকে, ভাইরাল হওয়া ফুটেজটি আলাদা একটি পরীক্ষামূলক দৌড়ের দৃশ্য, যেখানে রোবটটির গতি নিয়ন্ত্রণের সীমাবদ্ধতাও সামনে আসে। ইউনিট্রির ঘোষিত সর্বোচ্চ গতির রেকর্ডের দাবি এখনো কোনো স্বাধীন পক্ষের মাধ্যমে যাচাই করা হয়নি।

‘সুপারম্যান’র আত্মপ্রকাশের সময়টিও ইউনিট্রির জন্য গুরুত্বপূর্ণ। রোবটটির সক্ষমতা প্রকাশের মাত্র দুই দিন পর, ১৯ আগস্ট ২০২৬, ইউনিট্রি সাংহাইয়ের স্টার মার্কেটে শেয়ারবাজারে যাত্রা শুরু করে। এর আগে কোম্পানিটি আইপিওর মাধ্যমে প্রায় ৬ দশমিক ১ বিলিয়ন ইউয়ান বা ৯০৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছিল।

একই সময়ে বেইজিংয়ে শুরু হয় ২০২৬ ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। সেখানে ইউনিট্রিসহ চীনের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের হিউম্যানয়েড রোবট ও রোবোটিক প্রযুক্তি প্রদর্শন করে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ