যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যায় আটক ৯, অবরোধ তুলে নিলেন বিক্ষোভকারীরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৮-২০২৬ ০২:৪৭:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৮-২০২৬ ০২:৪৭:২৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ সিফাতসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) ভোরে বন্দরের নবীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের আটকের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে আজ সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা হত্যার প্রতিবাদে টায়ার ও বাঁশ-কাঠ পুড়িয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহসড়কের যানজট দেখা দেয়।
ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি মুফতি মাছুম বিল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, হত্যার প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছি। প্রায় দেড় ঘণ্টা আন্দোলন শেষে পুলিশ এসে আমাদের জানায়, তারা ৯ জনকে আটক করেছে। এতে অবরোধ তুলে নেওয়া হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, অবরোধের কারণে মহসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হলে, তারা চলে যায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, মূলত আন্দোলনকারীরা জানতো না, এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ সিফাতসহ ৯ জনকে আটক করা হয়েছে। পরে তারা বিষয়টি জানতে পেরে অবরোধ তুলে নেয়।
এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের ২১ নং ওয়ার্ডের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদকে (৪০) কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং।
নিহত বুলবুল আহমেদ শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলনের বন্দর থানার যুগ্ম সম্পাদক পদে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে সালেহ নগর এলাকায় রাস্তায় একা পেয়ে শেখ সিফাত গ্রুপের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বুলবুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স