ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১২:৫০:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১২:৫০:১৮ অপরাহ্ন
ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার ও বাঁশ-কাঠে আগুন দিয়ে অবরোধ করেছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত বুলবুল ওই এলাকার রাজা মাস্টারের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেয়াকে কেন্দ্র করে বুলবুলের রিকশার গ্যারেজে সিফাত বাহিনী লুটপাট চালায়। এ ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন বুলবুল। মামলা দায়েরের পর থেকেই সেটি তুলে নিতে তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন সিফাত ও তার সহযোগীরা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে আবারও মামলা তুলে নেয়ার জন্য চাপ ও হুমকি দেয়া হয়। এ সময় বুলবুলের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ