মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৮-২০২৬ ১১:৪৯:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
২১-০৮-২০২৬ ১২:১১:১০ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি মা-বাবার কবর জিয়ারত করেন।
এর আগে বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে বৈধ ব্যালটের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। সর্বোচ্চ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পরে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা একে একে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ভোট গণনা করা হয়।
ভোট গণনার সময় নির্বাচন কমিশনের সদস্যদের পাশাপাশি চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স