অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের পরিকল্পনা জানালেন শান্ত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-০৮-২০২৬ ১১:১৯:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
২১-০৮-২০২৬ ১১:১৯:৩৩ পূর্বাহ্ন
ফাইল ছবি
ডারউইনে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে ম্যাকাইয়ে পা রেখেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষের চেয়ে কন্ডিশনই যেন বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। ডারউইনের তুলনায় ম্যাকাইয়ের উইকেটে বাড়তি বাউন্স, সঙ্গে বাতাসে পেসারদের জন্য সুইংয়ের সম্ভাবনাঁ; সব মিলিয়ে একাদশে বাড়তি একজন পেসার রাখার ভাবনা উঁকি দিচ্ছে বাংলাদেশ শিবিরে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথাতেও মিলেছে সেই ইঙ্গিত।
শুক্রবার (২১ আগস্ট) দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে একাদশ নিয়ে অবশ্য সরাসরি কোনো সিদ্ধান্ত জানাননি শান্ত। তবে চার পেসার খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। বরং জানিয়েছেন, স্কোয়াডে থাকা পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত। ম্যাকাইয়ের উইকেটও তার চোখে ভালো ও স্পোর্টিং। শুধু ডারউইনের চেয়ে এখানে বাউন্স একটু বেশি।
চার পেসার খেলানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘উইকেটটা দেখে ভালো মনে হয়েছে। আমরা যে প্র্যাকটিস উইকেটে অনুশীলন করেছি, এখানে অবশ্যই একটু বাউন্স বেশি ছিল। আমাদের পাঁচজন পেসার স্কোয়াডে আছে, সবাই প্রস্তুত।’
তবে শুধু পেস আক্রমণের ওপর নির্ভর করতে চান না বাংলাদেশের অধিনায়ক। দলের দুই স্পিনারের সামর্থ্যের কথাও আলাদা করে উল্লেখ করেছেন তিনি। শান্তর মতে, কন্ডিশন যেমনই হোক, দলের স্পিনারদের ভালো বল করার সক্ষমতা রয়েছে। ফলে ম্যাকাইয়ের উইকেট ও আবহাওয়ার ওপর ভিত্তি করে একাদশ সাজানোর সুযোগ বাংলাদেশের সামনে বেশ ভালোই আছে।
‘পজিটিভ দিক হলো, আমাদের দুইজন স্পিনার আছে, যারা যেকোনো কন্ডিশনে ভালো বল করে। যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেট দেখে দলের জন্য যে সিদ্ধান্তটা ভালো হবে, সেটাই নেব ইনশাআল্লাহ,’ বলেন শান্ত।
অর্থাৎ চার পেসার নিয়ে আলোচনা থাকলেও একাদশের চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত গোপনই রাখছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচের সকালে উইকেটের আচরণ ও আবহাওয়ার পরিস্থিতি দেখে টসের আগে একাদশ ঠিক করার পরিকল্পনা তাদের।
ম্যাকাইয়ে বাড়তি বাউন্সের পাশাপাশি বাতাসও বাংলাদেশের পেসারদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শান্ত মনে করেন, বাতাসকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে পেসাররা বাড়তি সুইং আদায় করে নিতে পারবেন।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বাতাসের কারণে বোলাররা একটু সাহায্য পাবেই। সুইং হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি বোলাররা ব্যবহার করতে পারে, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে।’
ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বোলারদের। দুই ইনিংসেই অস্ট্রেলিয়ার ব্যাটিংকে চাপে রেখে স্বাগতিকদের হারিয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে নামছে দল।
কন্ডিশন যদি চার পেসারের পক্ষে যায়, তাহলে ডারউইনের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পেস আক্রমণকেই বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বাংলাদেশ। তবে শান্তর কথায় স্পষ্ট, শুধু একাদশে পেসার বাড়ানোই নয়, পরিস্থিতি অনুযায়ী সঠিক সমন্বয়টাই তাদের মূল লক্ষ্য।
দলের পেসারদের পাশাপাশি শরিফুল ইসলামকেও নিয়ে স্বস্তির খবর দিয়েছেন শান্ত। তিনি জানিয়েছেন, শরিফুল সুস্থ আছেন এবং ভালো বোলিং করছেন। সুযোগ পেলে এই বাঁহাতি পেসারও দলের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদী অধিনায়ক।
এছাড়া তানজিদ তামিম ও মুশফিকুর রহিমের চোট নিয়েও কথা বলেছেন শান্ত। মুশফিক সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। তানজিদও আজ ব্যাটিং করেছেন। ফলে ম্যাচের আগে শনিবার সকালে দুজনের ফিটনেস পরিস্থিতি আরও একবার দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
তবে ম্যাকাইয়ে বাংলাদেশের একাদশ নিয়ে আগ্রহের কেন্দ্রে এখন পেস আক্রমণ। চার পেসার নাকি দুই স্পিনারসহ ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ—উত্তরটা মিলবে ম্যাচের সকালে উইকেট দেখার পর, কিংবা আরও নিশ্চিতভাবে টসের সময়।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স