খুলনায় একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২০-০৮-২০২৬ ০৪:৪১:৫৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-০৮-২০২৬ ০৪:৪২:৫৮ পূর্বাহ্ন
প্রতীকী ছবি
খুলনা নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গুলি করে ও ছুরি মেরে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক তরুণকে হত্যা করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৯টার দিকে তার ৫০০ গজ দূরেই নাজমুল নামের আরেক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। একই দিনে একই স্থানে দুটি হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি মাঠে ফুটবল খেলা চলছিল। সেখানে একদল যুবক গিয়ে মঞ্জুরুলকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা মঞ্জুরুলের পেটে ছুরিকাঘাত করে এবং পায়ে গুলি করে চলে যায়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় এক সন্ত্রাসী ও তাঁর অনুসারীদের নাম এসেছে। সংশ্লিষ্টদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, মঞ্জুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে। তিনি তাঁর বাবার সঙ্গে ভবন নির্মাণের সেন্টারিংয়ের কাজ করতেন।
অপর ঘটনায় খুলনা মহানগর পুলিশের উপকমিশনার রেজাউর রহমান জানান, আশিবিঘা এলাকার একটি গলিতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত যুবকের নাম নাজমুল।
উল্লেখ্য, চলতি আগস্ট মাসের ১৯ দিনে খুলনা নগরীতে পাঁচজনকে হত্যা করা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক /এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স