ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল আমিরাত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-০৮-২০২৬ ১২:৪৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৮-২০২৬ ১২:৪৯:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মঙ্গলবার (১৮ আগস্ট) এই কড়া পদক্ষেপ নেয় আবুধাবি।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ বিষয়ক পরিচালক আফরা আল হামেলি এক বিবৃতিতে জানান, ‘চলমান আঞ্চলিক উত্তেজনার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন এবং আর্থিক ট্রানজেকশন বন্ধ রাখা হয়েছে।’
বাণিজ্য বন্ধের এই ঘোষণার প্রায় দুই ঘণ্টা আগে আমিরাতের বাসিন্দাদের ফোনে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জরুরি সতর্কতা সংকেত দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সেই বার্তায় বাসিন্দাদের অবিলম্বে নিকটস্থ নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হলেও অল্প সময় পর তা তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের এই দেশটি ইরানি হামলার বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এ সময় দেশটিতে প্রায় ৩,০০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়, যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ।
তবে জুনে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর কিছুদিন হামলা বন্ধ ছিল। সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি ‘এডনক’-এর একাধিক তেল ট্যাংকার বারবার হামলার শিকার হয়েছে।
নিরাপত্তা সতর্কতার পরপরই আমিরাত অভিযোগ তোলে যে, ইরান পারস্য উপসাগরের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রসীমায় দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়, যার মধ্যে একটি আঞ্চলিক সীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে সাগরে গিয়ে পড়ে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, হামলাগুলো আন্তর্জাতিক নৌ-চলাচলকে লক্ষ্য করে চালানো হয়েছে।
তবে সংযুক্ত আরব আমিরাতের এই অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকায়ি দাবি করেন, ইরান কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। আরব আমিরাতের এমন দাবি আঞ্চলিক নিরাপত্তামূলক প্রচেষ্টার জন্য ক্ষতিকর।
তবে তা সত্ত্বেও, ইরান কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ রাখা হবে। উল্লেখ্য, আমিরাতের বন্দরগুলো থেকে সমুদ্রপথে আন্তর্জাতিক বাজারে পণ্য পাঠানোর জন্য এই প্রণালি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স