মধ্যরাতে শাহরুখের বাড়িতে সাপের হানা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-০৮-২০২৬ ০৪:৩১:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৮-২০২৬ ০৪:৩১:১৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বলিউড তারকা শাহরুখ খানের মুম্বইয়ের বাংলো ‘মান্নাত’-এ দুইটি সাপ ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে বাড়ির ভেতরে সাপ দুটির দেখা মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা ও সাপ উদ্ধারকারী দল।
সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে ‘মান্নাত’ থেকে ফোন করা হয়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান তিনি। পরে বন দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে যান।
মান্নাতের উঠানের সিঁড়ির নিচে প্রথমে একটি সাপকে লুকিয়ে থাকতে দেখা যায়। প্রায় আট ফুট লম্বা সাপটি কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা সম্ভব হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে, সাপটি বিষধর নয়।
তবে দ্বিতীয় সাপটি উদ্ধার করার আগেই সেখান থেকে পালিয়ে যায়। ফলে মান্নাতের কর্মী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। যদিও বন দপ্তরের পক্ষ থেকে কর্মী ও স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাপ দুটি কীভাবে শাহরুখের বাংলোর ভেতরে ঢুকল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার সময় শাহরুখ খান বা তাঁর পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রের পাশে অবস্থিত ‘মান্নাত’ শুধু শাহরুখের বাসভবন নয়, ভক্তদের কাছেও এটি অন্যতম আকর্ষণীয় স্থান। প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় প্রায়ই বাংলোর বাইরে ভিড় করেন অনুরাগীরা।
এর আগে চলতি বছরের শুরুতে শাহরুখের প্রতিবেশী ও বলিউড তারকা সালমান খানের মুম্বাইয়ের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ থেকেও একটি সাপ উদ্ধারের খবর সামনে এসেছিল। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স