ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​খাসির মাংস না থাকায় বিয়ের আসর থেকে চলে গেলেন বর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৪:২১:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৪:২১:৫৩ অপরাহ্ন
​খাসির মাংস না থাকায় বিয়ের আসর থেকে চলে গেলেন বর ​ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক অদ্ভুত ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিয়ে ভেঙে গেছে। বিয়ের ভোজে বরপক্ষের জন্য সাজানো বড় থালায় (খদরে) খাসির মাংস না থাকায় চরম ক্ষুব্ধ হয়ে বিয়ে না করেই কনের বাড়ি ত্যাগ করেছেন জাপানপ্রবাসী বর জুনায়েদ। 

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বর জুনায়েদ পার্শ্ববর্তী কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও কনেপক্ষ সূত্রে জানা গেছে, আনন্দঘন পরিবেশে আত্মীয়স্বজনসহ কনের বাড়িতে পৌঁছালে জুনায়েদকে ফুল দিয়ে সাড়ম্বরে বরণ করে নেওয়া হয়। গেট ও বরণ অনুষ্ঠান শেষে বরকে আপ্যায়নের জন্য নির্ধারিত স্থানে বসানো হয়। অন্যান্য অতিথিদের খাওয়া-দাওয়ার পর বরের জন্য বিশেষ থালায় খাবার পরিবেশন করা হয়। কিন্তু খাবারের মেন্যুতে খাসির মাংস অনুপস্থিত থাকায় জুনায়েদ হঠাৎ বেঁকে বসেন। তিনি সাফ জানিয়ে দেন যে, খাসির মাংস ছাড়া তিনি ভোজন করবেন না এবং এই অবস্থায় বিয়ের কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন না।

উদ্ভূত পরিস্থিতিতে কনেপক্ষের মুরুব্বি ও আত্মীয়স্বজনরা তাঁকে অনেক অনুনয়-বিনয় ও বোঝানোর চেষ্টা করলেও তিনি তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। এক পর্যায়ে কোনো উপায় না দেখে এবং নিজের জিদ বজায় রেখে তিনি একাই কনের বাড়ি থেকে চলে যান। কনের পিতা শফিক মিয়া অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন, “আমাকে আগে জানানো হলে খদরে খাসির ব্যবস্থা করতাম। এ বিষয়ে আমাকে আগে কিছুই বলা হয়নি। এরপরও আমরা সবাই ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি।”

স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ অভিহিত করে বলেন, সামান্য খাবারের বিষয় নিয়ে এমন অনমনীয় আচরণ কারও কাম্য নয়। একটি সুন্দর সম্পর্কের এমন অপমৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ