হাজার কোটি টাকায় পাঁচ কার্গো এলএনজি কিনবে সরকার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-০৮-২০২৬ ১২:৪৫:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৮-২০২৬ ১২:৪৫:৪৭ অপরাহ্ন
ফাইল ছবি
দেশের জ্বালানি চাহিদা পূরণ এবং বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এসব এলএনজি কিনতে মোট ব্যয় হবে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসংক্রান্ত একাধিক প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ (আরএফকিউ) পদ্ধতির মাধ্যমে ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে সরবরাহের জন্য পাঁচটি এলএনজি কার্গো কেনা হবে। এর মধ্যে ২৩-২৪ আগস্ট, ২৬-২৭ আগস্ট, ২৯-৩০ আগস্ট, ১-২ সেপ্টেম্বর এবং ৪-৫ সেপ্টেম্বর সময়ে একটি করে কার্গো সরবরাহ করা হবে। সরকারি নথি অনুযায়ী, এসব কার্গো সরবরাহের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে যুক্তরাজ্যভিত্তিক ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি নির্বাচিত হয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি মূল্যসূচক প্ল্যাটসের জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) ভিত্তিতে দর নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ২৩-২৪ আগস্ট সরবরাহযোগ্য একটি কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ২১.৮৮ মার্কিন ডলার। একইভাবে ৪-৫ সেপ্টেম্বর সরবরাহের আরেকটি কার্গোর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২১.৭৮ মার্কিন ডলার। এ দুই কার্গো কিনতেই সরকারের ব্যয় হবে প্রায় ৫৪০ কোটি টাকা।
এ ছাড়া আগস্ট মাসে সরবরাহের জন্য আরো তিনটি কার্গো কেনার পৃথক প্রস্তাবও কমিটির বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক স্পট বাজারের মূল্য পরিস্থিতি, সরবরাহ ঝুঁকি, জ্বালানির চাহিদা এবং প্রতিযোগিতামূলক দরপত্রের ভিত্তিতে এসব মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স