ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​আরো ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেওয়ার উদ্যোগ সরকারের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১২:৩১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ১২:৩১:৫৯ অপরাহ্ন
​আরো ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেওয়ার উদ্যোগ সরকারের ​ছবি: সংগৃহীত
দেশের যেসব এলাকার শিশুরা হাম-রুবেলার টিকায় পায়নি তাদের সবাইকে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তা ছাড়া হামের চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে ব্যবহারে চিকিৎসকদের প্রশিক্ষণও দেওয়া হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরসহ একাধিক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, হাম নিয়ে আইসিসি গুরুত্বপূর্ণ সভা করেছে। প্রায় সব ধরনের অংশীজন সভায় উপস্থিত ছিলেন, তাঁরা বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করেছেন।

কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। কিছু পকেটে (ছোট ছোট এলাকা) ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। তাদের সবাইকে টিকা দেওয়া হবে। আমাদের কাছে এখনো ১৬ লাখ টিকা আছে।

আইসিসির সভায় হামে আক্রান্তদের বয়স নিয়ে বলা হয়, আক্রান্ত রোগীর ১০ শতাংশের বয়স ছয় মাসের কম। ৭৪ শতাংশের বয়স ৬ মাস থেকে ৫৯ মাস। ৫ বছর থেকে ১০ বছর বয়স ১৪ শতাংশের। বাকি ২ শতাংশের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার বেশি।

এদিকে সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর হামের উপসর্গে ৮১৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে এ বছর হামে ৯১৪ জনের মৃত্যু হয়েছে। এদের বড় অংশের বয়স পাঁচ বছরের কম। তাদের বড় অংশ কোনো টিকাই পায়নি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ