ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১১:৩৪:২০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ১১:৪১:১৪ পূর্বাহ্ন
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি ছবি : সংগৃহীত
‎লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় একটি ফ্লাইটে করে এসব বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ১৭৪ জনের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু ও ১৫ জন শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি রয়েছেন।

‎বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়। এসব  প্রত্যাবাসিত বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। 

‎বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও IOM-এর সঙ্গে নিয়মিতভাবে সমন্বয় করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ও IOM-এর সার্বিক সহযোগিতায় গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে এ ১৭৪ জনকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।

‎দূতাবাস নিয়মিতভাবে বেনগাজীর গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার গ্রহণ, পরিচয় যাচাই ও দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া পরিচালনা করে আসছে। বর্তমানে এসব ডিটেনশন সেন্টারে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

‎এদিকে, জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় অভিবাসীদের অনেকেই মৃত্যু, নিখোঁজ, জিম্মি হওয়া কিংবা আটকের শিকার হচ্ছেন। উদ্ধার বা আটক হওয়ার পর অনেককে দীর্ঘ সময় ধরে ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে থাকতে হচ্ছে।

এ পরিস্থিতিতে দালাল ও মানবপাচারকারীদের প্রলোভন বা প্ররোচনায় পড়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বৈধ ও নিরাপদ অভিবাসনপথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

‎এর আগে একই পরিস্থিতির শিকার হয়ে গত ৭ আগস্ট দেশে ফিরেছেন ৩৪০ বাংলাদেশি।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন



 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ