সুপারি চারা খাওয়ায় দুই ছাগল খালে ফেলে হত্যা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৮-২০২৬ ০৩:৩১:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৬ ০৩:৩১:৫২ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
মাত্র চারটি সুপারি চারা খাওয়ার অভিযোগে দুটি অবুঝ ছাগলের চার পা বেঁধে খালে ফেলে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিচার দাবি করেছেন স্থানীয়রা। রোববার(১৬) আগস্ট বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ছাগল দুটির মালিক একই গ্রামের দরিদ্র কৃষক মো. হালিম হাওলাদার। এ ঘটনায় তিনি রোববার রাতে মৃত ছাগলগুলো সঙ্গে নিয়ে এসে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেছেন।
কৃষক হালিম হাওলাদার অভিযোগ করেন, বাড়ির সরকারি রাস্তার পাশে একটি বাগানে স্থানীয় সুনীল হালদারের লাগানো সুপারি চারা ছিল। সকালে তিনি ছাগলগুলো ঘরে রেখে খাবার সংগ্রহ করতে বের হন। দুপুরে বাড়ি ফিরে ছাগলগুলো দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলে সুনীল হালদারের সুপারি চারার বাগানের পাশের খালে ছাগলগুলোকে চার পা বাঁধা অবস্থায় ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে দেখেন, দুটি ছাগল মারা গেছে এবং অপর একটি ছাগলও মৃতপ্রায়।
হালিমের দাবি, তার তিনটি ছাগল সুনীলের চারটি সুপারি চারা খেয়েছিল। এ কারণে ক্ষিপ্ত হয়ে সুনীল তিনটি ছাগলের পা বেঁধে খালে ফেলে দেন। এতে দুটি ছাগল মারা গেছে। কান্নাজড়িত কণ্ঠে সেলিম বলেন, আমি গরিব মানুষ। তিনটি ছাগলই আমার সম্বল। চারটি সুপারি চারা খাওয়ার অপরাধে আমার ছাগলগুলোকে এভাবে বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার বিষয়ে সুনীলকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ছাগল সুপারি চারা খেয়েছে। বেশি বাড়াবাড়ি করলে তোর অবস্থাও ছাগলের মতো হবে বলে হুমকি দেওয়া হয়।
স্থানীয় গ্রাম পুলিশ মো. শাহাদাৎ বলেন, হালিম খুবই দরিদ্র মানুষ। তার তিনটি ছাগল। শুনেছি, ছাগলগুলো সুনীলের চারটি সুপারি চারা খেয়েছিল। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ছাগলগুলোর পা বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। এতে দুটি ছাগল মারা গেছে, অপরটিও মৃতপ্রায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় ইউপি সদস্য রুবেল গাজীও ঘটনার সত্যতা তুলে ধরে বলেন, হালিম হাওলাদার অত্যন্ত গরিব মানুষ। তার তিনটি ছাগল ছিল। সুপারি চারা নষ্ট করার অভিযোগে ছাগলগুলোর পা বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। এতে দুটি ছাগল মারা গেছে এবং অপরটি মৃতপ্রায়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সুনীল হালদার। তিনি বলেন, ছাগলগুলো আমার সুপারি চারা খেয়েছে। আমি ছাগল তাড়িয়ে দিয়েছি। আমি মারিনি।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স