ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​ছয় মাসে সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে: প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৩:২২:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৩:২২:২২ অপরাহ্ন
​ছয় মাসে সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে: প্রতিমন্ত্রী ​ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমে তিনি খুব একটা সন্তুষ্ট নন। তিনি জানান, এ সময়ে ঢাকা নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, খাল ও লেক সংস্কার এবং রাস্তাঘাট উন্নয়নে কাজ শুরু হয়েছে, তবে এর সুফল মাঠপর্যায়ে দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সরকারের ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন জানতে চাইলে মীর শাহে আলম বলেন, ‘ছয় মাস তো খুব কম সময়। আমরা এই সময় ঢাকা নগরীর ধরেন ময়লা, মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা) নিয়ে কাজ করছি। খালগুলো নিয়ে, লেকগুলো নিয়ে কাজ শুরু করেছি। রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করেছি।’

বর্ষাকালে ঢাকার জলজট প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্ষাকালে এবার আমার মনে হয় যে পানি যেটি জলাবদ্ধতা ঠিক না, জলজট যেটা ছিল খুব কম সময় ছিল। এজন্য আমরা অবশ্য দুঃখ প্রকাশ করেছি। এখনো করছি, আমাদের সীমাবদ্ধতা আছে।’

ছয় মাসের কাজের সামগ্রিক মূল্যায়নে প্রতিমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে আমি বলব যে খুব একটা সন্তুষ্ট আমরা না। তবে কাজ যেগুলো শুরু করেছি এগুলো মাঠপর্যায়ে যখন দৃশ্যমান হবে একটু সময় লাগবে।’

তিনি আরও বলেন, কাজ শুরুর আগে পরিস্থিতি বুঝতে সরকারের কিছুটা সময় লেগেছে। একই সঙ্গে নতুন সরকারের কাজের ধরন বুঝতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও সময় লাগছে। মীর শাহে আলম বলেন, ‘কারণ আমাদের তো শুরু করতে আমাদের বুঝতে কিছুদিন সময় লেগেছে, তারপরে আমাদের কাজের ধরনটা যারা আমাদের সঙ্গে কাজ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদেরও একটু বুঝতে সময় লাগছে।’

‘সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়াও এগিয়ে চলছে। কিছু ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) বা কিছু প্রকল্প আমরা অনুমোদনের জন্য প্ল্যানিংয়ে আছে, কিছু অর্থতে আছে’ বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে আমরা ছয় মাসে অনেক দূর এগিয়েছি। বিশেষ করে সারা বাংলাদেশেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি।’ তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার বিষয়টিকে বড় সীমাবদ্ধতা হিসেবে দেখছেন তিনি।

মীর শাহে আলম বলেন, ‘তবে এটাও ঠিক যে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এইভাবে রান করানো অসম্ভব।’

তিনি বলেন, ‘এই নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন এই অর্থবছরের নির্বাচনের মাধ্যমে তারা চলে আসবে, তখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজের গতি আরও বাড়বে, মানুষের সেবার মান আরও বাড়বে বলে আমি মনে করি।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ