ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক সংস্কার না করায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৩:২২:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৪:১০:৩৮ অপরাহ্ন
সড়ক সংস্কার না করায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ ছবি : সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালীর রাস্তা দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়া এবং বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে এলাকাবাসী এ প্রতিবাদ জানায়।

জানা যায়, কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ আদম গাজীর কেয়ারের রাস্তা নামে পরিচিত সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার ওপর পানি জমে সৃষ্টি হয় হাঁটু সমান কাদা। যার ফলে সাধারণ পথচারীসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় যুবক ও এলাকাবাসী মিলে প্রতিবাদ হিসেবে কাদাযুক্ত স্থানে ধান রোপণ করেন।

এ বিষয়ে মো. এবাদুল ইসলাম বলেন, ‘আমরা উপকূলীয় এলাকায় বসবাস করি, আমাদের ভোগান্তির শেষ নেই। ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি চরম অবহেলিত। দীর্ঘ বছরেও কোনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষাকালে রাস্তায় হাঁটু সমান কাদা সৃষ্টি হয়, যার ফলে কোমলমতি শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে জরুরি কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত থাকে না।’

তিনি আরও জানান, ‘বাধ্য হয়ে বিকল্প হিসেবে নদীপথে ট্রলারে করে রোগী নিয়ে যেতে দীর্ঘ সময় লাগে। বিষয়টি নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা না পাওয়ায় অবশেষে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে।’
 
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রশিদ জানান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ  প্রতিবাদের বিষয়টি জানতে পেরেছেন। সড়কটি দ্রুত কার্পেটিং করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ‘বিজিবি সড়ক’ নামে রাস্তাটি কার্পেটিং করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিই। কিন্তু একটি পক্ষ রাস্তাটি কর্তন করে অন্য স্থানে নিয়ে যায়। বর্তমানে রাস্তাটি ‘সীমান্ত সড়ক’ নামে কার্পেটিংয়ের অনুমোদন পেয়েছে। খুব দ্রুতই দৃশ্যমান কাজ শুরু হবে।’
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ