ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ‘আম্মাজান’-এর জন্মদিন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০১:১১:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০১:১১:০৯ অপরাহ্ন
আজ ‘আম্মাজান’-এর জন্মদিন ফাইল ছবি
দেশভাগের আগের বছর তার জন্ম। স্কুলজীবন জীবন শেষ হতে না হতেই হয়ে যান রূপালি পর্দার অভিনেত্রী। তারপর বাংলা ও উর্দু সিনেমার প্রথম সারির তারকা বনে যান। গত শতকের ষাটের দশকের শুরুর দিক থেকে টানা অভিনয় করেছেন নব্বইয়ের দশকের শেষ অব্দি।

দর্শকনন্দিত বহু সিনেমার সেই অভিনেত্রী শবনমের জন্মদিন আজ। যাকে দর্শকের বিরাট অংশ মনে রেখেছেন ‘আম্মাজান’ হিসেবে। আজ তিনি জীবনের ৮০ বছর পূর্ণ করলেন।

১৯৪৬ সালের আজকের দিনে ঢাকার নবাবপুরে জন্মগ্রহণ করেছিলেন শবনম। যদিও তার আসল নাম ঝর্ণা বসাক। ছোটবেলায় ছিলেন ‘টমবয়’ স্বভাবের। খেলাধুলায় মেতে থাকতেন ভাই-বোনদের সঙ্গে। কখনো চিন্তাও করেননি, সিনেমার অভিনেত্রী হবেন।

বড় বোন সন্ধ্যা বসাক নাচ শিখতেন। বোনকে দেখে ঝর্ণাও চর্চা শুরু করেন। তার আগ্রহ দেখে বাবা তাকে ভর্তি করিয়ে দেন বুলবুল ললিতকলা একাডেমিতে। সেখানে শুরু হয় তার নাচের দীক্ষা। এদিকে চলচ্চিত্র নির্মাতা এহতেশাম ছিলেন ঝর্ণার বাবার বন্ধু।

ঝর্ণা যখন ক্লাস সপ্তম শ্রেণীর ছাত্রী, তখন এহতেশাম নির্মাণ করছিলেন ‘এ দেশ তোমার আমার’। সেই সিনেমার একটি কোরাস গানের দৃশ্যের জন্য চারজন মেয়ে ও চারজন ছেলের দরকার পড়ে। সেই চার মেয়ের মধ্যে ঝর্ণাও যুক্ত হন। সিনেমা কী, তখন এর কিছুই বুঝতেন না।

এরপর ‘রাজধানীর বুকে’ সিনেমায় একটি গানে অভিনয় করে নজর কাড়েন ঝর্ণা। তবে প্রধান চরিত্রে প্রথম সিনেমা মুস্তাফিজের ‘হারানো দিন’। এই সিনেমার মাধ্যমেই শবনম নামটি ধারণ করেন ঝর্ণা। ততদিনে কলেজে উঠেছেন তিনি। এর মধ্যে ‘চান্দা’, ‘তালাশ’ সিনেমাগুলো দর্শকপ্রিয় হয়ে গেছে। ব্যস্ততা বেড়েছে। পড়াশোনা আর চালিয়ে যেতে পারেননি।

বাংলার পাশাপাশি শবনম হয়ে ওঠেন পাকিস্তানের উর্দু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। বাংলার চেয়ে উর্দুতেই বেশি সিনেমা করেছেন তিনি। সেখানেই পেয়েছেন জনপ্রিয়তা, নানা পুরস্কার ও স্বীকৃতি। দীর্ঘদিন পর বাংলাদেশে ১৯৯৯ সালে কাজী হায়াতের ‘আম্মাজান’-এর নাম ভূমিকায় অভিনয় করেন শবনম। সিনেমাটি হয় তুমুল জনপ্রিয়। তবে এই সিনেমার পর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। বাংলা-উর্দু মিলিয়ে তার অভিনীত মোট সিনেমার সংখ্যা ১৮০-র মতো।

অভিনয়ের জন্য পাকিস্তানের জনপ্রিয় নিগার পুরস্কার পেয়েছেন ১২ বার। এছাড়া বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ আজীবন সম্মাননার পাচ্ছেন তিনি। যদিও এ আসরের পুরস্কার এখনো প্রদান করা হয়নি।  

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ