পশ্চিমবঙ্গে অগ্নিকাণ্ডে নিহত ৬
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-০৮-২০২৬ ১১:০৫:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-০৮-২০২৬ ১১:০৮:৪৮ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে আগুন লাগার এই ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নেভানোর কাজ চলছে।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, বীরভূম জেলার তারাপীঠে মন্দিরের সামনে হোটেল ‘বিদেশিনী’-তে এই আগুন লাগে। এতে দগ্ধ হয়ে মৃত্যু হয় অন্তত ছয়জন পুণ্যার্থীর। শ্রাবণ মাসের পূজা দিতে তারাপীঠে গিয়েছিলেন তারা। অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, পাঁচতলা ওই হোটেল ভবনের নিচে একতলায় সোমবার ভোরের দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পরে ওই আগুন দ্রুতই বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। হোটেলের অবস্থানরতদের অধিকাংশই সেই সময় ঘুমাচ্ছিলেন। শিশুরাও ছিল হোটেলটিতে। কিছু বুঝে ওঠার আগেই আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। ফলে ঘরের মধ্যেই আটকে পড়েন অনেকে।
হোটেলের মালিক কল্যাণ পাল বলেন, ‘আমাদের এখানে রাতে পাহারার দায়িত্বে থাকা ব্যক্তিরা আগুন দেখতে পেয়েই অগ্নিনির্বাপণ যন্ত্র সচল করেন। বিদ্যুৎ সরবরাহের তার খুলে দেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা এসে আগুন নেভালেও ধোঁয়া পাঁচতলা পর্যন্ত উঠে যায়। আতঙ্কে ঘর থেকে অনেকেই বেরিয়ে আসতে শুরু করেন। এসময় বাইরে বের হওয়ার দরজা না পেয়ে অনেকেই দগ্ধ হন।’
আগুনে মৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স