ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শোলাকিয়া ঈদগাহর উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১১:০২:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১১:০২:৫১ পূর্বাহ্ন
শোলাকিয়া ঈদগাহর উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এরই মধ্যে প্রকল্পের অংশ হিসেবে জেলা প্রশাসকের কাছে সরকারের পক্ষ থেকে ৬ কোটি টাকা পৌঁছে দেয়া হয়েছে। দ্রুত মাঠের উন্নয়নকাজ শুরু হবে।

শোলাকিয়া ঈদগাহ মাঠে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী ঈদে শোলাকিয়া ঈদগাহের ঐতিহাসিক দুইশ বছর পূর্তি হবে। এ উপলক্ষে মাঠটিকে আরও সুন্দর ও আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রতি ঈদে এই মাঠে লাখো মানুষ নামাজ আদায় করেন। মুসল্লিদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ তৈরি করতে মাঠের উন্নয়ন করা হবে। মাঠের গেট নির্মাণ, পুকুরে ওজুর ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৃক্ষরোপণ উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ওমরাহ পালনের সময় জিয়াউর রহমান আরাফাতের মাঠে গিয়ে সেখানে মরুভূমির পরিবেশ দেখে সৌদি বাদশাহকে গাছ লাগানোর বিষয়ে প্রশ্ন করেছিলেন। পরে দেশে ফিরে তিনি এক লাখ নিমগাছের চারা সেখানে পাঠিয়েছিলেন। সেই চারাগুলো পরবর্তীতে আরও বিস্তৃত হয়ে আরাফাতের মাঠে নিমগাছের সমারোহ তৈরি করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই, এ মাঠেও আরাফাতের মাঠের মতো অনেকগুলো নিমগাছ রোপণ করব। নিমগাছগুলো এখানে যখন মুসল্লিরা আসবেন, অন্য সময় বাচ্চারা খেলতে আসবে কিংবা মুরব্বিরা সকালে-বিকেলে হাঁটতে আসবেন, তখন সেই নিমগাছের বাতাসে সবাই যেন শান্তি ও আরাম পান—সেভাবেই আমরা মাঠটিকে গড়ে তুলব।

শোলাকিয়া মাঠের ঐতিহ্য রক্ষায় স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই এলাকার মানুষ আপনারা, এই মাঠের একটি লম্বা ইতিহাস আছে। যাতে এই মাঠটি সুন্দর থাকে, এখানে গাছপালা যেগুলো লাগানো হবে সেগুলো যাতে সুন্দর থাকে, দয়া করে সেগুলোর যত্ন আপনারা সকলে মিলে নেবেন।
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ