সামিটের গ্যাস সরবরাহ শুরু: ধীরে ধীরে বাড়ছে চাপ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-০৮-২০২৬ ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-০৮-২০২৬ ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন
ফাইল ছবি
সামিট এলএনজি টার্মিনাল শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে। শনিবার (১৫ আগস্ট) রাত ২টার মধ্যে সরবরাহ ধীরে ধীরে বাড়িয়ে পূর্ণ সক্ষমতা ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার আশা করা হচ্ছে।
সামিটের মুখপাত্র জানান, বর্তমানে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, গ্যাসের সরবরাহ বাড়লে শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কমবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই গ্যাস সরবরাহ শিল্প, বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য গ্রাহকের গ্যাসের প্রাপ্যতা বাড়াতে সহায়তা করবে। একইসঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা এবং দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপ কমাতে ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম বজায় রেখে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহে তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি মনে করে, পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাংলাদেশের শিল্পের প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা ও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সামিট।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সামিট শুক্রবার সন্ধ্যা থেকে তাদের এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) থেকে গ্যাস সরবরাহ শুরু করেছে। তিনি বলেন, আমরা আশা করছি, ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়বে এবং মধ্যরাতের মধ্যে পূর্ণমাত্রায় সরবরাহে পৌঁছাবে। পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, একই সঙ্গে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকেও গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে, যাতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বাড়ানো যায়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স