ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ৫ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১২:২৬:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০১:৩৫:১১ অপরাহ্ন
​সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ৫ শ্রমিক নিহত ​ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় (শিপইয়ার্ড) স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অন্তত ১০ জন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ ও আহত হয়েছেন।  

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোড সংলগ্ন সাগর উপকূলে অবস্থিত মো. লোকমানের মালিকানাধীন ‘ফেরদৌস স্টিল’ নামক শিপইয়ার্ডে এই দুর্ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ড থেকে ৬ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ১২টা নাগাদ পাঁচ শ্রমিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকের বিষয়টি পরীক্ষা করতে গেলে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ক্র্যাপ জাহাজের অভ্যন্তরে তেলের ট্যাংকি পরিষ্কার করার জন্য শ্রমিকরা নিচে নামলে হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। উদ্ধারকর্মীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন, যার ফলে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে জরুরি ভিত্তিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এবং উদ্ধার তৎপরতা তদারকি করতে স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে। আহত শ্রমিকদের সঠিক নাম-পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে ফায়ার সার্ভিস ও পুলিশের বিশেষ দল তদন্ত শুরু করেছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ