১৫ আগস্ট সারা দেশে থাকবে র্যাব, জোরদার নিরাপত্তাব্যবস্থা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৮-২০২৬ ০৬:৫৬:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৮-২০২৬ ০৬:৫৬:১৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আগামী শনিবার (১৫ আগস্ট) ঘিরে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) র্যাবের মুখপাত্রের পক্ষ থেকে দেওয়া এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী ও দুষ্কৃতকারীদের অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
র্যাব জানায়, ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ছাড়া ১৫ আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী চক্র যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব নেতৃত্বে নিরাপত্তার দায়িত্ব পালন করবে র্যাব। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।
আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম জোরদারে এলাকাভিত্তিক সোর্স ও ইনফর্মার নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মাধ্যমে নজরদারি চলছে। একই সঙ্গে দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠীর কেউ যাতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরকসদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, ১৫ আগস্ট উপলক্ষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব ফোর্সেস বদ্ধপরিকর।
সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে র্যাব বলেছে, কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স