রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে তিনটি মনোনয়নপত্র জমা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৮-২০২৬ ০৬:৩৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৮-২০২৬ ০৬:৩৯:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে মোট তিনটি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পরে নিজ দফতরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আখতার আহমেদ বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।
তিনি আরও বলেন, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। সংসদ সচিবালয় থেকে উনাদের একজন প্রতিনিধি থাকবেন। তারা প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন।
অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে সচি বলেন, এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করবো। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করবো।
উল্লেখ্য, গত ২৪ জুলাই বিকাল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন তিনি। ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ শীর্ষক পদত্যাগপত্রটি তিনি লিখেছেন রাষ্ট্রপতির অফিসিয়াল প্যাডে। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরে নির্বাচন কমিশন (ইসি) নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে। তারই পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট শেষ হয়েছে প্রধান নির্বাচন কমিশনার/নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার বিএনপি ও জামায়াত জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে। একাধিক বৈধ প্রার্থী থাকলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে পারে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স