নতুন তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৮-২০২৬ ০১:৫১:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৮-২০২৬ ০১:৫১:৪২ অপরাহ্ন
ফাইল ছবি
দেশে গ্যাসের সরবরাহ বাড়াতে সরকার পায়রা, মোংলা এবং হিরণ পয়েন্টে নতুন তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা করছে। ২০২৯ সালের মধ্যে এগুলো শেষ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি টার্মিনালের জন্য ১০-১২ দিন আগে অর্ডার দেওয়া হয়েছে।
বিদ্যুতের বাড়তি চাহিদার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে আকস্মিকভাবে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। তিনি বলেন, এ মুহূর্তে আমরা পুরোটা ঘাটতির মধ্যে আছি। এখন রাতের বেলা বিদ্যুতের ডিমান্ড বেশি তার কারণ গরিবের টেসলা (অটোরিকশা), এটার বেশিরভাগ ইলিগ্যাল কানেকশন।
তেল আমদানি নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, তেল আমদানি বসুন্ধরাকে দেওয়া হচ্ছে বলে নানা ধরনের কথা বলা হচ্ছে। অথচ এ বিষয়ে এখনও কোনও নীতিমালা তৈরি হয়নি।
তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এ মুহূর্তে তার কিছু করার নেই, দিন গোনা ছাড়া।
দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার ওয়্যারলেস গতিতে কাজ করছে। কিন্তু কিছু জিনিস আমাদের হাতের মধ্যে নেই। আমরা দিনরাত এটার পেছনে লেগে আছি। আমরা দ্রুতই সমাধান করতে পারব।
সোলার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, সোলারটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের অনেক ঘাটতি কমে যাবে। আমরা কোনো জায়গা ছাড়ছি না। যেখানে যা সুযোগ, সম্ভাবনা আছে সেটাই কাজে লাগানোর চেষ্টা করছি। তিনি বলেন, যদি ইন্ডাস্ট্রি না চলে তাহলে ইকোনমিক গ্রোথ থাকবে না। আমরা সব ধরনের চেষ্টা করছি।
বর্তমান পরিস্থিতির জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন মন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৭ বছরে জ্বালানি খাতকে সংকটময় অবস্থায় নিয়ে গেছে।
সেমিনারে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, আজকের সরকার অনেক ধরনের সিদ্ধান্ত নিয়েছে, রাত ৮টার পর দোকান বন্ধ করবে, সেখানে দেখা যাবে মানুষের ইনকাম কমে যাবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স