ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বৃহস্পতিবারই পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৫:৪৩:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৬:৩৮:২০ অপরাহ্ন
​বৃহস্পতিবারই পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল ​ফাইল ছবি
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসতে পারে।

দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে। মির্জা ফখরুলের পাশাপাশি নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খানের নামও আলোচনায় রয়েছে। তবে মির্জা ফখরুলের নামই সবচেয়ে জোরালো।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মির্জা ফখরুলের কার্যালয়ে শুভাকাঙ্ক্ষীদের ভিড় দেখা যায়। রাষ্ট্রপতি পদে সম্ভাব্য মনোনয়ন নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ১৩ আগস্টের পর বিষয়টি সমাধান হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে এ বিষয়ে এখন কিছু বলার নেই বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেবেন। বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই বেশি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ