ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ঘন ঘন লোডশেডিং, বেড়েছে হাতপাখার দাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৩:০৫:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৩:৩১:৪২ অপরাহ্ন
রংপুরে ঘন ঘন লোডশেডিং, বেড়েছে হাতপাখার দাম ছবি : সংগৃহীত
তীব্র গরমের সঙ্গে ঘনঘন লোডশেডিংয়ে রংপুরের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিদ্যুৎ না থাকায় স্বস্তির জন্য হাতপাখার ওপর নির্ভর করতে হচ্ছে মানুষকে। এতে বেড়েছে হাতপাখার চাহিদা। পাশাপাশি বেড়েছে দামও।

রংপুর নগরের কাচারী বাজারসহ কয়েকটি হাতপাখার দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। তালপাতা, বাঁশ, কাপড় ও প্লাস্টিকের তৈরি বিভিন্ন ধরনের হাতপাখা আকার ও মানভেদে ৫০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আগের তুলনায় এসব পাখার দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

হাতপাখা কিনতে আসা আমানত আলী বলেন, কয়েক দিন ধরে বিদ্যুতের অবস্থা খারাপ। দিনে-রাতে মিলিয়ে প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায় না। দিনে কোনোভাবে সময় কাটানো গেলেও রাতে ঘুমানো কঠিন হয়ে পড়ে। আধা ঘণ্টা বিদ্যুৎ থাকলে দুই ঘণ্টাই থাকে না। এর মধ্যে ভ্যাপসা গরম। বিদ্যুৎ না থাকলে ঘরে থাকাই কঠিন। তাই বাধ্য হয়ে হাতপাখা কিনেছেন। তিনি ১২০ টাকা দিয়ে দুটি তালপাতার হাতপাখা কিনেছেন।

গৃহবধূ রনজিনা খাতুন বলেন, দিনের মতো রাতেও লোডশেডিং হচ্ছে। রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশুরা গরমে ঘেমে যায়, ঘুমাতে পারে না। মধ্যবিত্ত পরিবারের সোলার বা আইপিএস কেনার সামর্থ্য নেই। এখন হাতপাখাই ভরসা। তিনি ৭০ টাকা করে দুটি হাতপাখা কিনেছেন। তার ভাষায়, প্রয়োজনের সময় দাম একটু বেশি হলেও করার কিছু নেই।

মুদি দোকানি মানিক মিয়া বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দোকানে গরম বেড়ে যায়। ফলে সেখানে বসে থাকাই কষ্টকর হয়ে পড়ে। ৮০ টাকা দিয়ে একটি হাতপাখা কিনেছেন তিনি। তার ভাষায়, ঘনঘন লোডশেডিং ও ভ্যাপসা গরমে ছোট-বড় সবাই কষ্ট পাচ্ছে।

হাতপাখা বিক্রেতা ইমরান মিয়া বলেন, গত কয়েক সপ্তাহের প্রচণ্ড গরম ও তীব্র লোডশেডিংয়ের কারণে হাতপাখার চাহিদা বেড়েছে। চাহিদা বাড়লে তাদেরও বেশি দামে পাখা কিনতে হয়। গ্রামের কারিগরদের কাছ থেকে পাইকারি দামে হাতপাখা কিনে এনে তারা খুচরা বিক্রি করেন। চাহিদা বেশি থাকায় দামও কিছুটা বেড়েছে। তীব্র গরমের সময় এমনিতেই হাতপাখার চাহিদা বাড়ে। এর সঙ্গে ঘনঘন লোডশেডিং যুক্ত হওয়ায় এবার চাহিদা আরও বেড়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ