ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​হাম উপসর্গে আরও দুই মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৫:৩৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৭:৩৯:২০ অপরাহ্ন
​হাম উপসর্গে আরও দুই মৃত্যু ​ফাইল ছবি
দেশে হাম পরিস্থিতিতে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকায় এবং অন্যজন সিলেটে মারা গেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১০ আগস্ট সকাল ৮টা থেকে ১১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৮৭২ জনকে হাম উপসর্গ নিয়ে সন্দেহজনক হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ১০৭ জনের হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জনে। এর মধ্যে ১৭ হাজার ৩৮৫ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ২০ হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকায় হাম উপসর্গে একজন এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকায় ৩৪০ জন ও সিলেটে ১০৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর আওতায় দেশজুড়ে টিকাদান কার্যক্রমও চলছে। বিভিন্ন বিভাগ ও সিটি করপোরেশন এলাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকাদান সম্পন্ন হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ