ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বুধবার আকাশে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০২:১৭:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০২:১৭:২৪ অপরাহ্ন
​বুধবার আকাশে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ ​ছবি: সংগৃহীত
বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় সর্বোচ্চ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে ঢাকা পড়বে।

ইউরোপের মূল ভূখণ্ড থেকে এবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ডে এমন দৃশ্য আর দেখা যায়নি। এবার স্পেনের বড় একটি অংশসহ প্রায় দেড় কোটি মানুষ পূর্ণগ্রাসের সরাসরি পথ বা ‘পূর্ণগ্রাসের পথ’-এর মধ্যে থাকবেন।

আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পূর্ণগ্রাসের পাশাপাশি সূর্যগ্রহণের আংশিক দৃশ্যও দেখা যাবে পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকার কয়েকটি অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের একটি ছোট অংশ থেকে। সব মিলিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৯৮ কোটি মানুষ কোনো না কোনোভাবে এই সূর্যগ্রহণ দেখতে পারবেন।

বিজ্ঞানীরা জানান, পৃথিবী থেকে সূর্য ও চাঁদকে প্রায় একই আকারের দেখায় বলেই বিশেষ পরিস্থিতিতে পূর্ণ সূর্যগ্রহণ ঘটে। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের পুরো চাকতিকে ঢেকে ফেলে, তখন তৈরি হয় এই বিরল মহাজাগতিক দৃশ্য।

প্রতি বছর পৃথিবীর কোথাও না কোথাও দুই থেকে পাঁচবার সূর্যগ্রহণ ঘটে। এগুলোর মধ্যে থাকতে পারে আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস কিংবা মিশ্র ধরনের গ্রহণ। তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। গড়ে দেড় বছরে একবার পৃথিবীর কোনো না কোনো স্থানে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়।

বুধবারের গ্রহণে স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড এবং রাশিয়া ও পর্তুগালের কিছু অংশে সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাবে। স্পেনের উত্তর ও পূর্বাঞ্চলের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল ও ভ্যালেন্সিয়ার মতো শহর পূর্ণগ্রাসের সরাসরি পথে রয়েছে।

স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটে পূর্ণগ্রাস শুরু হবে। স্থানভেদে সর্বোচ্চ প্রায় ১১০ সেকেন্ড পর্যন্ত সূর্য পুরোপুরি ঢাকা থাকবে।

তবে মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহর পূর্ণগ্রাসের সরাসরি পথের বাইরে থাকায় সেখান থেকে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না। যদিও এসব শহর থেকেও সূর্যের প্রায় ৯৯ শতাংশ চাঁদের আড়ালে চলে যেতে দেখা যাবে।

পূর্ণ সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই বিশেষ সুরক্ষা চশমা ব্যবহার করতে হবে। খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের স্থায়ী ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ