ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৭:২৩:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৭:৩০:৫০ অপরাহ্ন
হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ​ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাই কোর্ট।

সোমবার (১০ আগস্ট) বিকেলে বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন। গাজী নজরুল ইসলামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এরপর ভিডিওটি ফাঁসের সন্দেহ এবং অনৈতিক সম্পর্কের প্রতিবাদকে কেন্দ্র করে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

গত ২২ জুলাই পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি। তিনি ওই তরুণীর মামা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকায় তার বোনের বাসায় থাকতেন। একই সঙ্গে তিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। আত্মীয়তার কারণে ওই বাসায় যাতায়াতের সময় নজরুল ইসলামের সঙ্গে তার ভাগ্নির সম্পর্ক তৈরি হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

বিষয়টি জানতে পেরে ওবায়দুর রহমান পরিবারের সদস্যদের জানান এবং গাজী নজরুল ইসলামকে ওই সম্পর্ক থেকে সরে আসার অনুরোধ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তাকে হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এজাহারে আরও বলা হয়, একটি চক্র গাজী নজরুল ইসলাম ও ওই তরুণীর কিছু অপ্রীতিকর ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করছিল। এ ঘটনায় ওবায়দুর রহমান ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত-এমন সন্দেহ থেকে বিরোধের সূত্রপাত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই গাজী নজরুল ইসলামের নির্দেশে কয়েকজন ব্যক্তি ওবায়দুর রহমানের ওপর হামলা করেন। তাকে একটি কক্ষে ডেকে নিয়ে লাঠি দিয়ে মারধর করা হয় এবং গলা টিপে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন বাদী। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানায়। পরে ২২ জুলাই জরুরি বৈঠকে নৈতিক স্খলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ