সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৮-২০২৬ ০৪:২২:০২ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৮-২০২৬ ০৪:২২:০২ অপরাহ্ন
ফাইল ছবি
অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ব্যবসায়ী এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে এ অভিযোগ দাখিল করেন।
দুদকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামে একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরবর্তী সময়ে ওই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঋণ অনুমোদনের সময় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন মো. সাহাবুদ্দিন। ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট আরও কয়েকজনও ঋণ অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগকারীর দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।
এ ছাড়া অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অনিয়মের মাধ্যমে ঋণ বরাদ্দ করিয়ে দিতে ব্যবসায়ী এস আলম ভূমিকা রেখেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দুদককে জানানো হয়েছে, ঘটনাটি যাচাই করতে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করা হয়। ওই তদন্তে ঋণ অনুমোদন ও অর্থ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম ও অসঙ্গতি শনাক্ত হয়েছে।
এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের কাছে অভিযোগটি করা হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স