ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৮-২০২৬ ১১:০৪:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৬ ১১:১০:৫০ পূর্বাহ্ন
এসএসসির ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ফাইল ছবি
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে প্রায় ১১ লাখ ৪০ হাজার শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৫ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

বিদেশের মোট ৯টি কেন্দ্রে ৪০২ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৫৪ জন, পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৪৮ জন। বিদেশের একটি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হলেও একটি কেন্দ্রে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

ফলাফলে এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রদের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে; ছাত্রদের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক ফলাফলেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার তুলনামূলকভাবে বেশি। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৭৯ শতাংশ এবং ছাত্রীদের ৮০ দশমিক ৯০ শতাংশ। মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ এবং ছাত্রীদের ৫৪ দশমিক ৩৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ এবং ছাত্রীদের ৬৯ দশমিক ৯২ শতাংশ।

ফলাফলের তুলনামূলক তথ্যে দেখা যায়, ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৪ হাজার ৬০১ জন।

এদিকে পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। ২০২৫ সালে পরীক্ষাকেন্দ্র ছিল ৩ হাজার ৭১৪টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৩০ হাজার ৮৮টি। এর মধ্যে শতভাগ পাস করা প্রতিষ্ঠান ছিল ৯৮৪টি। কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন প্রতিষ্ঠান ছিল ১৬৪টি।

চলতি বছর পরীক্ষাকেন্দ্র বেড়ে হয়েছে ৩ হাজার ৮৮০টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৪০২টিতে। তবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে হয়েছে ৬৬৮টি। বিপরীতে কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১২টিতে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ