ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​তরুণীদের নেতৃত্বেই সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ: ডা. জুবাইদা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:২৭:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:২৭:৪২ অপরাহ্ন
​তরুণীদের নেতৃত্বেই সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ: ডা. জুবাইদা ​ছবি: সংগৃহীত
তরুণ নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হলে তারা শুধু নিজেদেরকেই শক্তিশালী করে না, দেশের ভবিষ্যৎকেও শক্তিশালী করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (৯ আগস্ট) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘শি লিডস টুমরো’ শীর্ষক এক জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নতুন প্রজন্মের নারী নেতৃত্ব, দৃঢ়তা ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে উদযাপন করতে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়, ইউএন উইমেন এবং ইউএনওপিএস বাংলাদেশ যৌথভাবে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান তরুণ অংশগ্রহণকারীদের অর্জনের ভূয়সী প্রশংসা করে বলেন, "তরুণ নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হলে তারা শুধু নিজেদের সম্প্রদায়কেই শক্তিশালী করে না, দেশের ভবিষ্যৎকেও শক্তিশালী করে। আরও অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের কণ্ঠ, চিন্তা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

ভবিষ্যতে নারী নেতৃত্ব বিকাশে জাতীয় পর্যায়ে বিনিয়োগের গুরুত্বও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, "টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীর অর্থবহ অংশগ্রহণ অপরিহার্য। তরুণ নারীদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করা হলে আগামী দিনের জন্য আরও শক্তিশালী প্রতিষ্ঠান ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।"

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এস. এম. আবদুল আওয়াল বলেন, "এসডিজি স্থানীয়করণ হলো জাতীয় অঙ্গীকারকে স্থানীয় পর্যায়ে অর্থবহ কার্যক্রমে রূপ দেওয়া। এ যাত্রায় তরুণ নারীদের সক্রিয় অংশীদার হতে হবে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণকারী সিদ্ধান্ত ও সমাধান তৈরির প্রক্রিয়ায় তাদের ভূমিকা রাখতে হবে।"

যৌথ এসডিজি তহবিলের সহায়তায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে ১২ মাসব্যাপী বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে সরকারি স্কুল, মাদরাসা ও প্রান্তিক জনগোষ্ঠীর ১ হাজারের বেশি কিশোরী ও তরুণীকে পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে ‘শি লিডস টুমরো’ শীর্ষক কফি টেবিল বইয়ের মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে নারী রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিশিষ্টজনদের উপস্থিতিতে তিনটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা সম্পন্ন হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ