ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার খসড়া প্রকাশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৬:১৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৬:১৭:০৫ অপরাহ্ন
স্থানীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার খসড়া প্রকাশ ​ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

রোববার (৯ আগস্ট) স্থানীয়ভাবে নির্বাচন অফিসগুলো এ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

দুপুরে ইসি সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে বলেন, ‘‘খসড়া তালিকায় ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫জন। নতুন যুক্ত হওয়া ভোটারদের নিয়ে এখন দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।’’

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এখন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ বছরের অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার কথা রয়েছে।

এর আগে গত ১৪ মে প্রকাশিত তালিকা অনুযায়ী, তখন ভোটার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এরপর স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন নাম তালিকাভুক্ত করা হয়, যার খসড়া প্রকাশ পেল রোববার। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ অগাস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

রোববার নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, গত ১৪ মে হতে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫জন। এখন সব মিলিয়ে স্থানীয় নির্বাচনের জন্য ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন ভোটার।

“পরবর্তী নির্বাচনগুলোর জন্য এ তালিকা। ভোটের তারিখ নির্ধারণ বা পরিবর্তন হলে (ভোটার নিবন্ধন সময় বাড়ানোর বিষয়ে) কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে তাদের সম্পুরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আচরণবিধি মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে

সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য খসড়া আচরণ বিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। নথিটা প্রক্রিয়াজাত হচ্ছে, এটা শেষ হলে সেটাও পাঠিয়ে দেব।”

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ

ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে রোববার দুটো মনোনয়ন ফরম নিয়ে গেছেন।

“এখন পর্যন্ত আর কোনো দল আমাদের কাছ থেকে মনোনয়ন ফরম নেয়নি।”

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ১৩ আগস্ট, বাছাই হবে ১৬ আগস্ট, প্রত্যাহারের শেষ সুযোগ ১৮ আগস্ট এবং ভোট হবে ২০ আগস্ট।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ