শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব: রয়টার্সকে সাক্ষাৎকার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-০৮-২০২৬ ০৭:০৬:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৮-২০২৬ ০৭:২১:৫৪ অপরাহ্ন
ফাইল ছবি
রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার জানান, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দেশে ফিরে আদালতের বিচার প্রক্রিয়াসহ সবকিছুর মুখোমুখি হতে এবং দেশের মাটিতেই খেলোয়াড়ি জীবন শেষ করতে প্রস্তুত।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব এখনো জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। সাক্ষাৎকারে নিজের নিরাপত্তা ও বিচারের বিষয়টি নিয়ে সাকিব বলেন, “সরকার যদি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে আমি দেশে ফিরে আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হতে প্রস্তুত।”
সম্প্রতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার এবং বিচারের মুখোমুখি হওয়ার ইঙ্গিত দেওয়ার পর সাকিবও তার সাথেই ফেরার ইঙ্গিত দেন। আস্থা রেখে সাকিব বলেন, “নেত্রী যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের নির্দেশনা মেনে চলবো।”
তিনি জানান, আপাতত একা ফেরা সম্ভব না হলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন তিনি।
সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাকিবের উপস্থিতি নিয়ে আলোচনা সৃষ্টি হলেও এ বিষয়ে তার কোনো অনুশোচনা নেই বলে জানান। তিনি উল্লেখ করেন, সেখানে তিনি কেবল শান্তি ও বাংলাদেশের সার্বিক অগ্রগতির কথাই বলেছেন।
২০২৪ সালের অক্টোবরে মিরপুরে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছে নিয়ে দেশে আসার চেষ্টা করলেও নিরাপত্তার শঙ্কায় দুবাই থেকেই ফিরে যেতে হয়েছিল তাকে। তবে সব বাধা কাটিয়ে দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাঠে নামার স্বপ্ন এখনো লালন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স