ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​রাসেল ক্রোর বিপরীতে হলিউড সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৪:৪০:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৪:৪০:০০ অপরাহ্ন
​রাসেল ক্রোর বিপরীতে হলিউড সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া ​ছবি: সংগৃহীত
বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস হলিউডে নিজের সাফল্যের যাত্রায় আরও একটি বড় পালক যুক্ত করতে চলেছেন। এবার তিনি বিশ্বখ্যাত অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর বিপরীতে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘ব্লুফ্লাই’ নামক একটি সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলারে এই দুই তারকাকে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। 

পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি পরিচালনা করবেন নিমরোদ আন্তাল, যিনি এর আগে ‘প্রিডেটরস’ এবং জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পরিচালনার জন্য প্রশংসা কুড়িয়েছেন। চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ছবিটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে জাতিসংঘের একজন অনুবাদককে কেন্দ্র করে, যিনি ব্যক্তিগত শোকের ছায়া কাটিয়ে কঙ্গোতে একটি অত্যন্ত গোপন সামরিক মিশনে অংশ নেন। তাদের মূল লক্ষ্য থাকে একটি রহস্যময় উড়োজাহাজ উদ্ধার করা, যার অস্তিত্ব থাকারই কথা ছিল না। অভিযান চলাকালীন তারা বিপজ্জনক মিলিশিয়া নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে এমন এক চাঞ্চল্যকর সত্যের মুখোমুখি হন, যা পুরো মিশনটিকে বাঁচার লড়াইয়ে রূপান্তর করে। ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাঙ্ক ও কার্লাইল ইউব্যাঙ্কের লেখা এই চিত্রনাট্যটি প্রযোজনার দায়িত্বে রয়েছে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ।

প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এরিয়ান ফ্রেজার এই কাস্টিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে শক্তিশালী একটি অভিনয়শিল্পী দল গড়ে উঠেছে।" তিনি আরও যোগ করেন, "এটি শুধু অ্যাকশন নয়, আবেগ ও রহস্যে ভরপুর একটি সায়েন্স ফিকশন থ্রিলার হবে।" 

অন্যদিকে পরিচালক নিমরোদ আন্তালের মতে, "‘ব্লুফ্লাই’ এমন একটি গল্প, যেখানে বিজ্ঞান কল্পকাহিনির সঙ্গে টানটান উত্তেজনা ও শক্তিশালী চরিত্রের সমন্বয় থাকবে।" 

বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া নির্মাতা এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও রাসেল ক্রোর মতো তারকার সঙ্গে এই নতুন প্রকল্পটি হলিউডে তার অবস্থানকে আরও সুসংহত করবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ