ফেনীতে ৩৮ কেজি জেলি পুশ করা চিংড়ি ও ৩ টন আফ্রিকান মাগুর জব্দ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৮-২০২৬ ১১:৩১:২১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৮-২০২৬ ১১:৩১:২১ পূর্বাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে সিলিকা জেলি মিশ্রিত ৩৮ কেজি গলদা চিংড়ি এবং বিক্রয় নিষিদ্ধ ৩ হাজার কেজি (৩ টন) আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ক্ষতিকর রাসায়নিক মেশানো ও নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে ৩ আড়তদারকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে পৌর মৎস্য আড়তে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অসাধু ব্যবসায়ীরা ওজন বাড়ানোর জন্য সিরিঞ্জ দিয়ে চিংড়িতে ক্ষতিকর সিলিকা জেলি পুশ করে আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌর মৎস্য আড়তে অভিযান চালানো হয়।
অভিযানকালে ‘মেসার্স মায়ের দোয়া ফিশিং’ নামক আড়ত থেকে ৩৮ কেজি জেলি পুশ করা গলদা চিংড়ি জব্দ করা হয়। মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত চিংড়ি বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অপরাধে ওই আড়তদারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা চিংড়িগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
একই অভিযানে ‘জননী মাছের আড়ৎ’ ও ‘নোয়াখালী মৎস্য আড়ৎ’ থেকে প্রায় ৩ হাজার কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। বাংলাদেশে আফ্রিকান মাগুর মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ থাকায় এই দুই আড়তের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে মাগুর মাছগুলো ধ্বংস না করে স্থানীয় ৩৭টি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকালে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুর হাছান, ফেনী সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আড়তদার সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা বলেন, ওজন বাড়াতে চিংড়িতে বিষাক্ত সিলিকা জেলি পুশ করা এবং সরকার কর্তৃক বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বাজারজাত করা গুরুতর অপরাধ। এসব ক্ষতিকর ও নিষিদ্ধ মাছ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। জনস্বাস্থ্য সুরক্ষায় ও ভেজাল রোধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হচ্ছে-ভবিষ্যতে এমন অপরাধে জড়িত পাওয়া গেলে জরিমানার পাশাপাশি আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স