ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​তিন বিভাগে স্বল্পমেয়াদি বন্যার আভাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ১২:৪০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ১২:৪০:৫৩ অপরাহ্ন
​তিন বিভাগে স্বল্পমেয়াদি বন্যার আভাস ​ফাইল ছবি
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের তিনটি বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, উজানের পাহাড়ি ঢল ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টির কারণে আগামী দুই দিন সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদীর পানি বেড়ে কয়েকটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এ ছাড়া সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি বাড়ার কারণে আগামী ২৪ ঘণ্টায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

ইতোমধ্যেই ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বুধবার (৫ আগস্ট) সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার রাত থেকে পানি বাড়তে শুরু করলেও বুধবার দুপুরের পর থেকে তা কমতে থাকে এবং সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে পানি কমার সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি নদী রক্ষা বাঁধের বিভিন্ন অংশে ফাটল ও ধসের সৃষ্টি হয়ে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ