ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​জবিতে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ১২:৩৭:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ১২:৩৭:২৫ অপরাহ্ন
​জবিতে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ​ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একই স্থান ও একই সময়ে তিনটি সংগঠনের সমাবেশের ঘোষণাকে ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একই স্থান ও একই সময়ে তিনটি সংগঠন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল আয়োজন করা যাবে না।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব সক্রিয় ছাত্র সংগঠনকে এ সিদ্ধান্ত সম্পর্কে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবিরসহ কয়েকটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় জকসুর এক নেতাসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে থেকেই ৫ ও ৬ আগস্ট অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল। সেই ধারাবাহিকতায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ