চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৮-২০২৬ ০১:১২:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৮-২০২৬ ০১:১২:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চাঁদপুরের আট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ১৫৬টি। এর মধ্যে ৬৪২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে এ সংকট চলায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হয়েছে। দ্রুত শূন্য পদগুলো পূরণের দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে একদিকে প্রশাসনিক কাজ, অন্যদিকে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। ফলে তিনি নিয়মিত পাঠদানে পর্যাপ্ত সময় দিতে পারেন না। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের লেখাপড়া ও ফলাফলের ওপর। তাই দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার দাবি তাদের।
প্রধান শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম। তিনি বলেন, প্রধান শিক্ষক থাকলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হতো। ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের কারণে নিয়মিত শ্রেণিকক্ষে মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে। তাই দ্রুত সব শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. জাকির হোসেন বলেন, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক থাকা অত্যন্ত জরুরি। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষককে একই সঙ্গে প্রশাসনিক ও শ্রেণিকক্ষের দায়িত্ব সামলাতে হয়, যা কার্যকরভাবে সম্ভব হয় না। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হয়। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দ্রুত গ্রেডেশন তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হবে। এরপর শূন্য পদ পূরণের কার্যক্রম শুরু হবে।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুতের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন মাসের মধ্যে শূন্য পদগুলো পূরণের কার্যক্রম সম্পন্ন হতে পারে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স