ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৮-২০২৬ ১২:১৩:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৮-২০২৬ ১২:১৩:৫০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৫ আগস্ট) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
এদিকে মঙ্গলবার (৪ আগস্ট) বিভাগীয় শহরগুলোর মধ্যে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এছাড়া রংপুরে ৩২ দশমিক ২, ঢাকায় ৩১, খুলনায় ৩১, চট্টগ্রামে ৩০ দশমিক ৮, ময়মনসিংহে ৩০ দশমিক ৫, সিলেটে ৩০ দশমিক ২ এবং বরিশালে ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স